ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায়।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, জামালপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে পিকআপচালক ও মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের মো. জিনাত আলীর ছেলে মো. আল আমীন (৩০), মো. আমিনুল ইসলামের ছেলে মো. স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদরের হাসিল মনিকাবাড়ি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।

এ ঘটনায় ময়মনসিংহ সদরের পান্ডাপাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে মো. সানী (১৮) আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায় এবং দুর্ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে।