নিজস্ব প্রতিবেদক:
নতুন যুগে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ঢাকা ও বেইজিং।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) প্রধান লিউ হাইশিংয়ের সম্মানে আয়োজিত এক প্রাতরাশ বৈঠকে এই যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যকে সামনে রেখে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা।
এ সময় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উভয় পক্ষ। পাশাপাশি, ২০২৬ সালের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের যে অর্জন ও ফলাফল এসেছিল, তাতে উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেন। এ সময় লিউ হাইশিং বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত এবং তার নিজের বাবা লিউ শুচিংয়ের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশ ও চীন মধ্যকার সম্পর্ক জোরদারে তার বাবার অনন্য ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।
চীনের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে আইডিসিপিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে লিউ হাইশিং আরও বলেন, ‘দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তার দপ্তর নিরলসভাবে কাজ করবে।’
বৈঠকের একপর্যায়ে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরে তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কার্যকর ভূমিকা পালনের জন্য চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
উল্লেখ্য, গত ৩ থেকে ৫ নভেম্বর বাংলাদেশ সফর করছেন চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা লিউ হাইশিং। নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টার পর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।











