নতুন উদ্যমে কাজে ফিরেছেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে যেন এক ‘মুক্ত বিহঙ্গ’। কখনও কানাডা, কখনও লন্ডন, আবার কোথাও অন্য দেশে—দেশ-দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যদিও অনেকে ভাবছেন এটি নিছক অবকাশ যাপন, তবে প্রকৃতপক্ষে ফারিয়া এই ব্যস্ত সময় পার করছেন একাধিক কাজের সূত্রে।

বিদেশের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন, মঞ্চে পারফর্ম করছেন, ফটোশুটে অংশ নিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন ভক্তদের সামনে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব তিনি। কখনও শাড়িতে খাঁটি বাঙালি রূপে, কখনও আবার বিকিনি লুকে আবেদনময়ী ভঙ্গিতে হাজির হচ্ছেন, যা নিয়ে তৈরি হচ্ছে নানা আলোচনা–সমালোচনা।

তবে এসব নিয়ে মোটেই বিচলিত নন ফারিয়া। তাঁর মতে, “আলোচনা-সমালোচনা থাকলেই একজন শিল্পীর প্রতি দর্শকের আগ্রহ টিকে থাকে।” তিনি আরও বলেন, “আমি ছোটবেলা থেকেই চেষ্টা করেছি, আমার বিষয়ে আলোচনা হোক, সমালোচনা হোক, তা যেন আমার কাজকেন্দ্রিক হয়।”

নতুন খবর হলো, অভিনয়ের পাশাপাশি এবার আবারও গানে মন দিয়েছেন তিনি। কয়েক মাস আগে একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। বর্তমানে সেই গানের মিউজিক ভিডিওর কাজ চলছে। সবকিছু শেষ হলে ভিডিওসহ গানটি প্রকাশ করা হবে। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। তবে ইঙ্গিত দিয়েছেন, এবারকার গানটি আগের চেয়ে আরও বেশি নান্দনিক ও চমকপ্রদ হবে।

তবে ২০২৫ সালের শুরুটা খুব একটা সুখকর ছিল না তাঁর জন্য। ব্যক্তিগত কিছু অঘটন ও বিতর্কে সময়টি হয়ে উঠেছিল কঠিন। এখন সবকিছু পিছনে ফেলে, নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই তারকা।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ফারিয়ার অভিনীত চলচ্চিত্র ‘ঠিকানা বাংলাদেশ’। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। পরিচালনায় রয়েছেন অনম বিশ্বাস। ছবিটির নির্মাণ ও গল্প নিয়ে সন্তুষ্ট ফারিয়া, তবে এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি।

তিনি আশা প্রকাশ করেছেন, “এই বছরেই দর্শক সিনেমাটি বড় পর্দায় দেখতে পাবেন।” তবে নতুন কোনো সিনেমা থাকলেও তা এখনই জানাতে নারাজ ফারিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।