নতুন চরিত্রে বিদ্যা সিনহা মিম

অনলাইন ডেস্ক:

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি অরিজিনাল ফিল্মে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গত ১৩ ডিসেম্বর নাম চূড়ান্ত না হওয়া এই ফিল্মটিতে চুক্তিবদ্ধ হন তিনি। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা কাজী আসাদ।

নির্মাতা কাজী আসাদ জানান, বিদ্যা সিনহা মিম এ দেশের চলচ্চিত্র অঙ্গনের একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। দর্শক সাধারণত তাকে গ্ল্যামার লুকেই দেখে অভ্যস্ত। তবে এই ফিল্মে তাকে ভেঙে ভিন্ন ধরনের একটি চরিত্রে উপস্থাপন করাই তাদের লক্ষ্য। দর্শকরা সেই ভিন্নতাই দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। কারণ হিসেবে তিনি জানান, গল্পটি তার কাছে আলাদা করে ভালো লেগেছে। দীর্ঘদিন ধরে কাজ না করার পেছনেও গল্প ও চরিত্রের সঙ্গে নিজের না মেলার বিষয়টি দায়ী বলে জানান অভিনেত্রী।

মিম বলেন, অনেকেই জানতে চান কেন তিনি কম কাজ করছেন। তার উত্তর একটাই—গল্প ও আনুষঙ্গিক বিষয়গুলো ঠিকভাবে মেলেনি। কাজী আসাদ যখন তাকে গল্পটি শোনান এবং চরকিতে নির্মাতার আগের কাজগুলো দেখেন, তখনই তিনি এই প্রজেক্টে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

এই ফিল্মে নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি মিম। তবে তিনি ইঙ্গিত দেন, গল্পে এমন কিছু থাকবে, যা তার চরিত্রের জার্নির মধ্য দিয়েই প্রকাশ পাবে।

চরকির কাজ প্রসঙ্গে মিম বলেন, তিনি নিয়মিতই চরকির সিরিজ ও ফিল্ম দেখেন এবং প্ল্যাটফর্মটির কাজ তার ভালো লাগে। প্রথমবার চরকির প্রজেক্টে যুক্ত হয়ে তিনি আশাবাদী, তার এই কাজটি দর্শকদের ভালো লাগবে।

নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল ফিল্মটির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্যে নির্মাতার সঙ্গে যুক্ত ছিলেন আসাদুজ্জামান আবীর।