ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নতুন রূপে ফিরবে র‌্যাব: ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত: 12 May 2025, 8:37 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সোমবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “র‌্যাব পুনর্গঠন করা হবে। র‌্যাব পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে, পুলিশ বাহিনীর হাতে কোনো মারণাস্ত্র থাকবে না। এগুলো তাদের জমা দিতে হবে।”

এছাড়া, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধের নির্দেশনা দিয়ে তিনি বলেন, “তবে তাদের অবৈধ দাবি বরদাশত করা হবে না, এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

গরুর হাটে চাঁদাবাজি বন্ধে ১০০ আনসার সদস্য মোতায়েনেরও নির্দেশনা দেন তিনি। “যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, এবং রাস্তায় চাঁদাবাজি না হয়, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে র‌্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছিল। তবে, সরকার পরবর্তীতে এই এলিট বাহিনীকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে র‌্যাব সম্পর্কে বলা হয়, “র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব স্ব ইউনিটে ফিরিয়ে দিন।”
এ বিষয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সরকারের পক্ষ থেকে এটি ওয়েলকাম করা হয়েছে। তারা একটি ভালো কাজ করেছে এবং পরবর্তীতে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”

মন্তব্য করুন