নববর্ষ উৎসবের জন্য সারা দেশে কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ উপলক্ষে দেশে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রোববার সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, “বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে উৎসব আয়োজনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি, উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে।”

র‌্যাব ডিজি আরও বলেন, “বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়ার ঘটনায় র‌্যাব ডিজি বলেন, “নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিলো কি না তা খতিয়ে দেখা হবে। যদি কেউ গাফিলতি করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”