নাইজেরিয়ায় বিমানবাহিনীর ভুল আক্রমণে ৬ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন ডেস্ক:

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে সেনাবাহিনীর একটি বিমান সন্ত্রাসীদের তাড়া করার সময় ভুল আক্রমণ চালিয়ে কমপক্ষে ৬ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে রোববার এএফপি এই তথ্য জানিয়েছে।

শনিবার সাফানা জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে বোমা হামলার ঘটনা ঘটে, যেখানে পুলিশের একটি ঘাঁটিতে ডাকাতরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য ও তাদের সহায়তাকারী এক পাহারাদারকে হত্যা করেছিল। পরে সেনাবাহিনী একটি জেট মোতায়েন করে এবং গ্রামটি প্রদক্ষিণ করে একটি পরিবারের কুঁড়েঘরে আঘাত হানে।

জাক্কার বাসিন্দা মুন্তারি সাদা এএফপিকে জানান, পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে এবং তাদের দেহের বিভিন্ন অংশ ব্যাগে করে দাফনের জন্য সংগ্রহ করতে হয়েছে। তার বক্তব্যের সমর্থনে আরও দুই বাসিন্দা একই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোববার মৃতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে এবং ‘‘নিরপেক্ষ, স্বচ্ছ এবং তাৎক্ষণিক তদন্ত’’ করার আহ্বান জানিয়েছে। তবে, এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এটি নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর জন্য নতুনতম ঘটনা নয়। দেশটির উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এসব গোষ্ঠীকে স্থানীয়ভাবে ডাকাতদল বলা হয়, যারা গ্রামগুলোতে হামলা চালিয়ে মানুষকে হত্যা, অপহরণ এবং লুটপাট করে থাকে।

গত জানুয়ারিতে, উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছিল। ডিসেম্বরে, সোকোটো রাজ্যে এক বিমান হামলায় ১০ জন নিহত এবং ৬ জন আহত হন। ২০২৩ সালের ডিসেম্বরে, কাদুনা রাজ্যে ৮৫ জন নিহত হয়, যাদের অধিকাংশই নারী ও শিশু ছিল। ২০১৭ সালে ক্যামেরুন সীমান্তের কাছে বিমান হামলায় ১১২ জন নিহত হয়েছিল।