নারীদের ক্রিকেটে নিষেধাজ্ঞা: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি ব্রিটিশ রাজনীতিকদের

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারীদের ক্রিকেট খেলার নিষেধাজ্ঞা নিয়ে উত্তপ্ত হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আফগানিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ বয়কটের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ১৬০ জন রাজনীতিক।

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে আগামী ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ হওয়ার কথা। তবে যুক্তরাজ্যের রাজনীতিকরা দাবি করেছেন, তালেবান শাসনে নারী ও কন্যাশিশুদের প্রতি বৈষম্যের প্রতিবাদে এই ম্যাচ বয়কট করা উচিত।

ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “তালেবান শাসনের অধীনে নারীদের অধিকার দমন এমন একটি বিষয় যা আইসিসি-নেতৃত্বাধীন সমন্বিত পদক্ষেপের দাবি রাখে। এটি কোনো একক দেশের সিদ্ধান্তের মাধ্যমে সমাধানযোগ্য নয়।”

রাজনীতিকদের আহ্বান জানিয়ে লেখা চিঠির নেতৃত্ব দেন ব্রিটেনের লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজ্জি। চিঠিতে সই করেছেন হাউজ অব কমন্স ও হাউজ অব লর্ডসের বিভিন্ন দলের রাজনীতিকরা, যার মধ্যে আছেন রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ এবং লেবার পার্টির সাবেক প্রধান জেরিমি করবিন। চিঠিতে ইসিবি’র প্রতি আহ্বান জানানো হয়, “তালেবানের ভয়ঙ্কর আচরণের বিরুদ্ধে বার্তা দিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবুন।”

২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারের পর ইংল্যান্ডের ক্রিকেট দল সমালোচনার মুখে পড়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে তারা শেষ মুহূর্তে ভালো পারফর্ম করে। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে শুরু হবে মিনি বিশ্বকাপ হিসেবে খ্যাত এই টুর্নামেন্ট।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবি আন্তর্জাতিক ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে। এখন দেখার বিষয়, আইসিসি বা অন্যান্য ক্রিকেট বোর্ড এ নিয়ে কী অবস্থান নেয়।