অনলাইন ডেস্ক:
গত কিছু দিনে জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী, পরী মণি ও অপু বিশ্বাসসহ কয়েকজন অভিনয়শিল্পী শোরুম ও রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে নানা ধরনের বাধার সম্মুখীন হয়েছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।
সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে। এটি শিল্পীদের স্বাধীনতা ও তাদের পেশার প্রতি হুমকি সৃষ্টি করছে।’ তারা অভিযোগ করেছেন, নারী অভিনয়শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। গত তিন মাসে রাজধানীর কামরাঙ্গীরচর, চট্টগ্রাম ও টাঙ্গাইলে একই কায়দায় অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী এবং পরীমনি বাধার সম্মুখীন হয়েছেন।
এই ঘটনাগুলোর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। পাশাপাশি, শুটিং ও শিল্পীদের বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগও তুলেছে সংগঠনটি।
অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ জানিয়েছে, যদি কোনো অভিনয়শিল্পী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে তার বিচার হবে। তবে অহেতুক হয়রানি বন্ধ না করা গেলে শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা কঠিন হয়ে পড়বে, যা দেশীয় শিল্প-সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ। এতে অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কাও তৈরি হবে।
সংগঠনটির এই বিবৃতি গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রদান করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।
সংগঠনটির দাবি, এই সমস্যার দ্রুত সমাধান না হলে দেশের শিল্পীদের স্বাধীনভাবে কাজ করা এবং সাংস্কৃতিক পরিবেশ ধরে রাখা কঠিন হয়ে যাবে।











