নারী সহকর্মীকে যৌন হেনস্তায় দোষী সাব্যস্ত অভিনেতা জেরার্দ দেপারদিউ

অনলাইন ডেস্ক:

বিশ্বখ্যাত ফরাসি অভিনেতা জেরার্দ দেপারদিউ যৌন হেনস্তার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। ৭৬ বছর বয়সী এই অভিনেতাকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের একটি আদালত। পাশাপাশি দুই অভিযোগকারিণীকে ১০০০ ইউরো করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ সিনেমার শুটিং চলাকালে দুই নারী সহকর্মী—একজন সহকারী পরিচালক, অন্যজন সেট ডিজাইনার—অভিযোগ করেন যে দেপারদিউ একাধিকবার তাদের অশালীনভাবে স্পর্শ করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হলে দেপারদিউ প্রাথমিকভাবে সব অভিযোগ অস্বীকার করেন।

তবে বিচারক রায়ে উল্লেখ করেন, অভিযোগকারিণীদের বক্তব্য ও সাক্ষ্যপ্রমাণ পর্যবেক্ষণে উঠে এসেছে যে, অভিনেতার আচরণে সন্দেহের অবকাশ নেই। রায়ে আরও বলা হয়, “যেভাবে অভিনেতা ওই দুই নারীর গোপনাঙ্গে হাত দিয়েছেন বলে তারা দাবি করেছেন, তা অপরাধ প্রমাণে যথেষ্ট।”

রায় ঘোষণার দিন দেপারদিউ আদালতে উপস্থিত ছিলেন না। জানা গেছে, তিনি তখন একটি নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তার আইনজীবী জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন এবং দাবি করেছেন, অভিযোগকারিণীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।

অন্যদিকে অভিযোগকারিণীদের আইনজীবী ক্যারিন ডিবোল্ট বলেছেন, “আজকের এই রায় শুধু দুই নারীর জয় নয়, বরং ওই সেটে উপস্থিত সব নারীর জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা। আমি সেই নারীদের কথাও ভাবছি, যারা অতীতে দেপারদিউয়ের হাতে হয়রানির শিকার হয়েছেন কিন্তু মুখ খুলতে পারেননি।”

উল্লেখ্য, জেরার্দ দেপারদিউ ফ্রান্সের চলচ্চিত্র জগতের অন্যতম সম্মানিত ও জনপ্রিয় অভিনেতা। তিনি জাঁ লুক গোদার, ফ্রাঁসোয়া ত্রুফো এবং বার্নার্দো বার্তোলুচ্চির মতো কিংবদন্তি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। গোল্ডেন গ্লোবসহ বহু আন্তর্জাতিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। তবে তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ বহুদিন ধরেই শোনা গেলেও, এবারই প্রথম কোনো মামলা আদালত পর্যন্ত গড়ালো এবং শাস্তির মুখে পড়লেন এই বর্ষীয়ান তারকা।