নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ২১ রোহিঙ্গা পুশইন করল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক:

ভারত থেকে বাংলাদেশে আবারও পুশইন ঘটনার অভিযোগ উঠেছে। এবার শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে রাতের আঁধারে ২১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবির ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে নাকুগাঁও সীমান্তের ১৪১৬ নম্বর পিলারের মাঝামাঝি ৩ নম্বর গেইট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পুশইন হওয়া সবাই মিয়ানমারের নাগরিক এবং তারা ৬টি পরিবারের সদস্য। এর মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু।

বর্তমানে তাদের নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেন এবং জম্মু-কাশ্মীরে হোটেল ও বাসাবাড়িতে কাজ করছিলেন।

এক মাস আগে ভারতীয় পুলিশ তাদের অবৈধ অভিবাসী হিসেবে আটক করে এবং পরে বিএসএফের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার সন্ধ্যার পর ভারতের মেঘালয়ের কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের ডালু সীমান্তে এনে মধ্যরাতে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।

উল্লেখযোগ্য যে, এর আগে ১১ জুলাই একইভাবে পানিহাতা সীমান্ত দিয়ে আরও ১০ রোহিঙ্গা নারী-পুরুষকে পুশইন করেছিল বিএসএফ।