ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নির্ধারিত হাটে গমনের গরুবাহী গাড়ি মাঝপথে থামানো হলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: 19 May 2025, 2:05 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৯ মে) আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, “যেসব গরুবাহী গাড়ি নির্ধারিত হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে, তা মাঝপথে থামানো হলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি গাড়ির সামনে নির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। রাস্তায় বা অননুমোদিত স্থানে গরু নামানো যাবে না।”

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি হাটে আনসার মোতায়েন থাকবে। কিছু হাটে ৭৫ জন করে আনসার রাখা হবে, অন্যান্য হাটে প্রয়োজন অনুসারে সংখ্যা নির্ধারিত হবে। গরুর চিকিৎসক, ফার্স্টএইড এবং অসুস্থ গরু বিক্রির বিরুদ্ধে নজরদারির ব্যবস্থাও থাকবে।

গরুর হাটের কমিশন (হাসিল) নিয়েও সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, “এ বছর শতকরা ৫ টাকা হারে হাসিল নেওয়া হলেও, আগামী বছর থেকে তা নির্ধারিত হবে ১০০ টাকায় ৪ টাকা হারে। যদিও চলতি বছর টেন্ডার হয়ে যাওয়ায় পরিবর্তন সম্ভব হয়নি।”

এ ছাড়া ঈদের ৫ দিন আগে থেকে এবং ঈদের পরে ৩ দিন পর্যন্ত বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “রাতে কোনো অবস্থাতেই বাল্কহেড চলবে না। এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”

মন্তব্য করুন