নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর যা যা প্রস্তুতি প্রয়োজন, সব কিছুই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার বিকেলে রাজধানীর র‌্যাব-১ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, “যে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সময়ের জন্য উপযুক্ত প্রস্তুতি আমাদের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই উন্নত হয়েছে, গত ১১ মাসে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।”

ছোটখাটো ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “৫৩ বছরের ইতিহাসে ছোটখাটো ঘটনা ঘটেই থাকে। এগুলোর জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। যদি কোনো কিছু ঘটতো না, তাহলে পুলিশেরও দরকার হতো না।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি খণ্ডিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “খণ্ডিত সংবাদ প্রকাশ করা হলে তা বিদেশে ভিন্নভাবে উপস্থাপন করা হয়, যা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।”