নির্বাচন ও সংস্কার নিয়ে সরকারের সমালোচনায় তারেক রহমান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণের দায়িত্ব সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখা। সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো স্থান নেই।”

রোববার (২৪ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, বিএনপি ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে। তারেক রহমান বলেন, “এই সরকারের মাধ্যমেই জনগণ দেশে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যক্ষ করবে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “সংবিধানে ভোটাধিকার থাকলেও আওয়ামী লীগ জনগণকে সেই অধিকার প্রয়োগ করতে দেয়নি। সঠিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদ গঠিত হলে সরকার এতটা কর্তৃত্ববাদী হতো না।”

সংস্কার ইস্যুতে তারেক রহমান বলেন, “সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া—এতে অল্প বা বেশি বলে কিছু নেই। তবে সরকার বাজেট ঘোষণার আগেই এনবিআরে সংস্কার চাপিয়ে দিয়ে অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি করেছে।”