নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলের ঢাকা মহানগর শাখার উদ্যোগে বুধবার (২১ মে) দুপুর ১২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নেতারা।
গুলশান থানা শাখার নেতা নুর ইসলাম জুয়েল বলেন, “এই কমিশন ইতোমধ্যে নিরপেক্ষতা হারিয়েছে।” তিনি এটিকে “রকিব কমিশনের” পুনরাবৃত্তি বলেও মন্তব্য করেন।
এনসিপি নেতাদের দাবি, কোনো সংস্কার ছাড়াই গঠিত এ নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তারা স্থানীয় সরকার নির্বাচনকে জাতীয় নির্বাচনের পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেন।
এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু আবদুল্লাহ বলেন, “অবৈধ উপায়ে গঠিত এ ইসি মেনে নেব না।”
নারী প্রতিনিধি ডা. ইশরাত জাহান বলেন, “বড় দলগুলোর ব্যর্থতায় এনসিপিতে যোগ দিয়েছি। এই ইসিকে ধিক্কার জানাই।”
এ কর্মসূচি ঘোষণার আগে মঙ্গলবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “অবিলম্বে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে।”
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এনসিপির এই বিক্ষোভ কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে।











