অনলাইন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের ব্যস্ততার মাঝেও খেলাধুলার প্রতি তার আগ্রহের কথা ভক্তদের অজানা নয়। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এলে তিনি হয়ে ওঠেন একজন উচ্ছ্বসিত সমর্থক। বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসর ঘিরে দেশের মানুষের মতো তার মধ্যেও তৈরি হয় উৎসবের আমেজ। প্রিয় দল, প্রিয় খেলোয়াড় এবং বিশ্বকাপের নানা স্মৃতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন এই অভিনেত্রী। প্রিয় খেলোয়াড়ের বিষয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার পছন্দ। আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে আমার পছন্দ।’ অপু ব্রাজিলের কট্টর সমর্থক হলেও পুত্র আব্রাহাম খান জয় আর্জেন্টিনা পছন্দ করে। এসব তথ্য জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। যারা আমার ভক্ত আছে তাদের বলি, ‘শুধু ব্রাজিল হলে তো চলবে না অন্য দলের সাপোর্টারও লাগবে’। তা না হলে খেলা দেখে মজা থাকবে না। আমার ছেয়ে জয় আর্জেন্টিনা করে। সে মেসির ভক্ত।’ রাত জেগে বিশ্বকাপ ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে অপু বিশ্বাসের। তার ভাষায়, ‘বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপকে কেন্দ্র করে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না করে আবার টিভির সামনে বসে যাই। রাত দুইটা তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।’ ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ববাসী। দীর্ঘ চার বছর অপেক্ষার পর বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর। রেকর্ড সংখ্যক ৪৮টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।











