ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নেত্রকোনায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে তলপেটে লাথি ও পুড়িয়ে মারার হুমকি

প্রকাশিত: 16 November 2026, 9:33 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও তার তলপেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এ সময় ওই শিক্ষিকাকে অনাগত সন্তানসহ পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগ করেছেন।

ভুক্তভোগী নিবেদিতা দেব ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

তার অভিযোগ, তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী নুরুজ্জামান খান পুতুলসহ পাঁচ-ছয়জন তার ওপর হামলা চালান। এ সময় আনোয়ার হোসেন তার তলপেটে লাথি মারেন এবং অন্যরা কিল-ঘুসি মারেন। হামলাকারীদের সঙ্গে বিএনপির ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ছিলেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকরা তাকে উদ্ধার করেন।

নিবেদিতা দেব বলেন, তারা অন্য জায়গায় বৈঠকে বসে আমাকে সেখানে যাওয়ার জন্য খবর দেন; কিন্তু কিসের বৈঠক, তা না জানানোয় তাদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলি। এরপরই তারা আমার ওপর হামলা চালান। আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন এবং নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা—পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনার পর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার। তিনি বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসেছেন।

অভিযোগের বিষয়ে জানতে তেলীগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বলেন, কমিটি গঠন নিয়ে স্কুলের পাশেই একটি বাড়িতে মিটিং চলছিল। সেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে যেতে বলা হয়েছিল। তিনি যাননি। পরে স্থানীয় কয়েকজন স্কুলে গিয়ে তাকে না যাওয়ার কারণ জানতে চাইলে একটু হট্টগোল হয়েছিল। আমি এ খবর শুনে লোকজনকে গিয়ে নিয়ে এসেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে- তা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে আটপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়েছে, তবে সভাপতি নির্বাচন এখনো বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবর তিনি শুনেছেন এবং তাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার খবর পেয়ে ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন