লোহিত সাগরে কৌশলগত এলাকা ছাড়লো ইয়েমেনি বাহিনী, নিয়ন্ত্রণে হুথিরা
অনলাইন ডেস্ক:
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে কয়েক সপ্তাহের রক্তক্ষয়ী লড়াইয়ের পর লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারপন্থি বাহিনী। রবিবার ঘোষিত এই সেনা পুনর্বিন্যাসের ফলে গুরুত্বপূর্ণ ওই এলাকাগুলোর নিয়ন্ত্রণ এখন সরাসরি হুথিদের হাতে চলে গেছে, যা আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
রবিবার সৌদি-সমর্থিত সাউদার্ন আর্মড ফোর্সেস এক বিবৃতিতে জানায়, অন্তর্বর্তীকালীন রাজধানী এডেন ও এর আশপাশের অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকা থেকে তাদের সেনাদের প্রত্যাহার করা হয়েছে। বাহিনীটির দাবি, রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারিকে আরও শক্তিশালী করা এবং বিদ্যমান সম্ভাব্য হুমকি মোকাবিলা করতেই এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
হুথি পরিচালিত সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া ওই অঞ্চলের নিয়ন্ত্রণ এরই মধ্যে তারা গ্রহণ করেছে। তবে এই সেনা প্রত্যাহার ও এলাকা হাতবদলের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
গত সেপ্টেম্বরে এক আকস্মিক অভিযানে হুথিরা প্রণালির মুখের পেরিম দ্বীপ ও কৌশলগত বন্দর শহর মোখাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করে নিয়েছিল। অক্টোবরের শুরুতে সরকারি বাহিনী প্রণালিটি নিরাপদ করার দাবি করলেও, শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হলো। হুথিরা জানিয়েছে, এই জলপথ দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজের জন্য তারা কোনো হুমকি নয়, তবে সৌদি আরবের জাহাজে হামলা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় সৌদি আরব তেল রফতানির জন্য লোহিত সাগরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। ফলে হুথিদের এই দখলের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।
এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র রাভিনা শামদাসানি সব পক্ষকে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, গত আগস্টে সংঘাত বাড়ার পর থেকে নথিভুক্ত বেসামরিক হতাহতের ৬০ শতাংশের বেশি নারী ও শিশু। জাতিসংঘের হিসাব মতে, সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনে প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত মানুষ নিহত হয়েছেন।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। গত জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করলে চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়ে।
