পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের সদর উপজেলায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে সদর উপজেলার ভিতরগড় সীমান্তের সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আল-আমিন (৩৬), তিনি সদর উপজেলার হরিভাষা ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আমিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ ভোরে আল-আমিনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের নজরে পড়ে। এ সময় বিএসএফের পক্ষ থেকে তাদের উপর গুলি চালানো হয়। অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।

এ ঘটনায় বাংলাদেশের নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সঙ্গে পতাকা বৈঠক করেন। পতাকা বৈঠকে তিনি বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের লাশ ফেরত দেওয়ার আহ্বান জানান।

লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিএসএফের গুলিতে নিহত যুবককে ‘চোরাকারবারি’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের ১০ থেকে ১৫ জন চোরাকারবারি বিএসএফকে আক্রমণ করলে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ।