পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন ক্লার্ক, মিশেল দেভোরেট ও জন মার্টিনিস
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল দেভোরেট এবং জন মার্টিনিস। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন বিষয়ক গবেষণার জন্য এই তিন বিজ্ঞানীকে যৌথভাবে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। তাদের উদ্ভাবিত অতিপরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থায় একটি অবস্থা থেকে সরাসরি অন্য অবস্থায় ‘টানেল’ করে যাওয়ার ঘটনাটি সম্ভব হয়, যা কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্বের সঙ্গে মেলে। তারা দেখিয়েছেন যে এই ব্যবস্থা নির্দিষ্ট মাত্রায় শক্তি শোষণ এবং বিকিরণ করে।
পুরস্কার হিসেবে তাদের মাঝে মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে দেওয়া হবে।
এর আগে গতকাল চিকিৎসায় নোবেল প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমন সাকাগুচি।
চলতি বছরের নোবেল পুরস্কারগুলোর ঘোষণা পর্ব আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে, যেখানে রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। ১০ ডিসেম্বর স্টকহোমে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
