জেলা প্রতিনিধি :
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ওঠার সময় একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে পদ্মা সেতুর নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পদ্মা সেতুর সার্ভিস এরিয়া থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার মুহূর্তে একটি অজ্ঞাতনামা বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে—তার নাম মোহাম্মদ আলী অন্তু, সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা। তার জাতীয় পরিচয়পত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অপর নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নকিব আকরাম হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে ফের প্রশ্ন তুলছেন স্থানীয়রা।











