পরিচালক হিসেবে নতুন পরিচয়ে কেট উইন্সলেট: আসছে ‘গুডবাই জুন’

অনলাইন ডেস্ক:

বিশ্বের অন্যতম জনপ্রিয় হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট এবার পরিচালক হিসেবে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। ‘টাইটানিক’-এর রোজ চরিত্রে অভিনয় করে যিনি বিশ্বব্যাপী পরিচিত, সেই কেট উইন্সলেট এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে যাচ্ছেন। নেটফ্লিক্সের ব্যানারে নির্মিতব্য ‘গুডবাই জুন’ সিনেমাটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি।

এই সিনেমায় পারিবারিক সম্পর্কের টানাপোড়েন, বিচ্ছিন্ন ভাই-বোনের জীবন এবং হাস্যরসের মিশ্রণ থাকবে। শুধু পরিচালনা নয়, কেট উইন্সলেট অভিনয় এবং প্রযোজনার দায়িত্বও পালন করবেন। ‘গুডবাই জুন’ সিনেমায় কেটের পাশাপাশি উপস্থিত থাকছেন হলিউডের আরও নামী অভিনেতারা—টোনি কলেট, জনি ফ্লিন, আন্দ্রিয়া রাইজবোরো, টিমোথি স্পল, এবং হেলেন মিরেন। বিশেষ চমক হিসেবে থাকছে কেট উইন্সলেটের ছেলে জো অ্যান্ডার্স, যিনি ছবিটির চিত্রনাট্য লিখেছেন।

প্রযোজনায় কেট উইন্সলেটের সঙ্গে থাকছেন সলোমন উইনসলেট, যিনি এর আগে ‘লি’ সিনেমার প্রযোজক ছিলেন। বর্তমানে ইংল্যান্ডে সিনেমাটির শুটিং সেট প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই দৃশ্যধারণ শুরু হবে।

সম্প্রতি ‘হাউ টু ফেইল’ পডকাস্টে কেট উইন্সলেট তার পরিচালনায় অভিষেকের বিষয়ে কথা বলেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অনেকেই তাকে পরিচালনায় আসার জন্য উৎসাহিত করলেও তিনি সে পথে আগ্রহী ছিলেন না। তবে সময়ের সঙ্গে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। কেট উইন্সলেট বলেন, “আমি এখন মনে করি, নারীদের পরিচালনায় আসা অত্যন্ত জরুরি। আমাদের দায়িত্ব নিতে হবে, যাতে অন্য নারীরাও অনুপ্রাণিত হয় এবং এই শিল্পে নিজেদের জায়গা করে নিতে পারে।”

অসংখ্য অভিনয় সাফল্যের পর এবার ক্যামেরার পেছনে দাঁড়াতে যাচ্ছেন কেট উইন্সলেট। দর্শকরা এখন অপেক্ষায় আছেন, রোজ থেকে পরিচালক কেটের নতুন যাত্রা কেমন হয়!