পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশ উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, পরিবেশগত সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করা না হলে তা সম্ভব নয়। গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত নাগরিক সংলাপে এ কথা বলেন তিনি।

সংলাপে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে বায়ুদূষণ ও ধুলাদূষণের হার কমানোর জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ পুরনো বাস বাতিল এবং রাস্তার ডিভাইডারে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া, বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করতে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে, যা অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। তবে, ‘টেকসই সমাধানের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়নও অত্যন্ত জরুরি।’ এই ক্ষেত্রে স্থানীয় সরকার, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনমসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। বক্তারা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনঃব্যবহার ও রিসাইক্লিংয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং নাগরিক সচেতনতার অভাব ও অব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

সংলাপে বক্তারা সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা তৈরির ওপরও জোর দেন।