পরিবর্তনের যাত্রা এখনই শুরু করতে হবে: তারেক রহমান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের আগামী রাজনৈতিক যাত্রায় নির্বাচন-ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির—এমন মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটগ্রহণ চলে দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। তারা বিশ্বাস করে, সেই ইতিবাচক পরিবর্তনের সবচেয়ে বড় সম্ভাবনা বিএনপির হাতেই রয়েছে। আমাদের আজ থেকেই সেই পরিবর্তনের যাত্রা শুরু করতে হবে।”

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের প্রতি শুধু সমর্থকদের নয়, নিরপেক্ষ জনগণেরও প্রত্যাশা অনেক বেড়েছে। “তারা অন্তত চায়, বিএনপি একটি উদ্যোগ নিক।”

গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে স্থানীয় পর্যায় থেকে জাতীয় স্তর পর্যন্ত জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন তারেক। এতে দলের অভ্যন্তরে ও বাইরে গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি।

তিনি রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আজকে অনেকে যেসব সংস্কারের কথা বলছে, তা আমরা আড়াই বছর আগেই জাতির সামনে তুলে ধরেছি। জনগণের রায় পেলে, সেই ৩১ দফা বাস্তবায়ন করা হবে জনগণের সহযোগিতায়।”