অনলাইন ডেস্ক:
মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা বাংলাদেশের মাধ্যমে পশ্চিমবঙ্গের সঙ্গে একটি করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছেন। তিনি দাবি করেছেন, এর মাধ্যমে মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমানো সম্ভব হবে।
গতকাল (৭ মার্চ) শিলংয়ে এক সাংবাদিক বৈঠকে কনরাড সাঙমা বলেন, “যদি বাংলাদেশে একটি করিডোর নির্মাণ করা হয়, যা হিলি ও মহেন্দ্রগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করবে, তাহলে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম এবং ত্রিপুরার মধ্যে যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা হবে।” তবে তিনি আরও বলেন, এটি বাস্তবায়ন কবে হবে তা বলা কঠিন, কারণ এর জন্য বাংলাদেশের সরকারও সম্মতি জানাবে।
মুখ্যমন্ত্রী জানান, এই করিডোরটি মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি শহরকে সংযুক্ত করবে। এটি মেঘালয়, আসাম ও ত্রিপুরার জন্য একটি বিকল্প অর্থনৈতিক পথ হিসেবে কাজ করবে। এই করিডোরের মাধ্যমে মেঘালয়ের অন্যান্য শহরগুলোও পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হবে।
কনরাড সাঙমা আরও জানান, ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশে এই প্রকল্প নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সরকার পরিবর্তনের কারণে তা থমকে গেছে। তবে তিনি আশাবাদী, ভবিষ্যতে এই প্রকল্প পুনরায় বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাবেন।











