পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’

অনলাইন ডেস্ক:

পিপলু আর খান পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে প্রায় পাঁচ বছর পর। করোনা মহামারির ভয়াবহ সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি দুই নারীর ভেতরজগত, সম্পর্ক, নিঃসঙ্গতা এবং বন্ধুত্বের সূক্ষ্ম অনুভূতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

শুটিং হয়েছিল ২০২০ সালে, মহামারির অস্থির সময়ে—মাত্র ১৫ দিনেই সীমিত টিম নিয়ে। সেই ‘অচেনা সময়’কে কেন্দ্র করে তৈরি হয়েছে একান্ত নারীকেন্দ্রিক একটি ভিন্নধারার গল্প। সিনেমার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং মঞ্চনির্ভর অভিনেত্রী মহসিনা আক্তার।

সম্প্রতি একটি মোশন পিকচার পোস্টারে সিনেমাটি সামনে আনেন জয়া আহসান। ক্যাপশনে তিনি লেখেন: “কিছু গল্পের মুহূর্ত খুঁজে পেতে সময় লাগে… আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ নীরবে অপেক্ষা করছিল। এটি দুই নারীর গল্প—যারা নিজেদের ক্ষতি, বন্ধুত্ব এবং নারীত্বের গল্পে আবদ্ধ।”

এর আগে এক মন্তব্যে জয়া বলেন, “জয়া আর শারমিন দু’জন নারীর অচেনা ভুবনের গল্প। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত, অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন।”

চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি। এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। প্রযোজনায় আছে অ্যাপল বক্স, বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা।

সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ তুঙ্গে, মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।