পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের পেশোয়ার শহরের বাদাবর এলাকায় গতকাল রোববার ভোরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, এটি একটি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটে। ভোরে মাশোখেল এলাকায় একটি গাড়ির ওপর অতর্কিত গুলি চালানো হয়, যার ফলে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, হামলার কারণ ব্যক্তিগত বিরোধ এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। গত মাসেও পেশোয়ারসহ বিভিন্ন এলাকায় ব্যক্তিগত শত্রুতার কারণে একাধিক প্রাণঘাতী হামলা ঘটে। সেসময় তেহকাল এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হন।

পেশোয়ারের পাশাপাশি, দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় পুরোনো শত্রুতার জেরে পৃথক দুটি ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হন। একইভাবে, সাইদু শরীফের গুলকাদা এলাকায় এক সিনিয়র আইনজীবী ও তার ভাইকে গুলি করে হত্যা করা হয়।

এছাড়া, গত বুধবার করাচির বালদিয়া-৮ এলাকায় এক ৬৫ বছর বয়সী আফগান নাগরিক আলাউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। সাঈদাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) ইদ্রিস বাঙ্গাশ জানান, আলাউদ্দিন নামাজ পড়ে মসজিদের ভেতরে কুরআন তেলাওয়াত করছিলেন। ফোন বাজলে তিনি মসজিদ থেকে বেরিয়ে আসেন এবং মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়। আলাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, এটি একটি ব্যক্তিগত বিরোধের ফলস্বরূপ।

সূত্র: ডন