পাকিস্তান সিরিজ অনিশ্চিত, এর আগেই আমিরাত সফরে গেল টাইগাররা

অনলাইন ডেস্ক:

আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দুই দলে বিভক্ত হয়ে বুধবার দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এর পরপরই শুরু হওয়ার কথা থাকা পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। উভয় ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল বুধবার সকালে ও বিকেলে দুই ধাপে আমিরাতের উদ্দেশে রওনা দেয়। সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়ে দলের প্রথম বহর, যেখানে ছিলেন ১০ জন ক্রিকেটার ও ৭ জন কোচিং স্টাফ। পরে বিকাল ৫টায় দ্বিতীয় বহর রওনা দেয়।

আমিরাত সিরিজ শেষে বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি রয়েছে। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেখানে টাইগারদের প্রতিপক্ষ হবেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিরা। তবে এই সিরিজ যথাসময়ে শুরু হবে কি না, তা এখনই নিশ্চিত নয়।

এই অনিশ্চয়তার পেছনে বড় কারণ পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে আগেই স্থগিত হওয়া পিএসএলের নতুন সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অনুযায়ী, ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে টুর্নামেন্টটি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে—যেই দিনই আবার নির্ধারিত রয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

ফলে একই দিনে পিএসএলের ফাইনাল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন আদৌ সম্ভব কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। এখনো পর্যন্ত পিসিবির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সবমিলিয়ে পাকিস্তান সফর নিয়ে এখন তৈরি হয়েছে ধোঁয়াশা, যা কাটাতে সময়ের অপেক্ষা ছাড়া আপাতত কোনো উপায় নেই।