পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের নেতা কারাগারে
জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম বাদশাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জাঙ্গালীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বাদশাহ উপজেলার জাঙ্গালীয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পৌর সদরের মধ্য পাকুন্দিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে জেলা ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম বাদশাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না নেতৃত্ব দিয়েছিলেন।
সরকারবিরোধী তৎপরতা চালানো এবং এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর আলম বাদশাহকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
