ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 28 November 2026, 1:58 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের যেকোনও ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আহত সদস্যদের সাহস জোগান, তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন এবং ঘোষণা দেন যে, তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন। তাদের কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিলেও বেশকিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনও শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনও ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। এছাড়া, ভিনদেশি কোনও ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন। পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। যেহেতু পুলিশ সদস্যদের চিকিৎসার মূল অংশ আঘাতজনিত, তাই হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং এ সংক্রান্ত বিশেষায়িত সেবার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি ক্যানসার ইউনিট বা শাখা খোলার বিষয়েও ইতিবাচক মতামত ব্যক্ত করেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

উক্ত হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত যে আট জন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন—যাদের মধ্যে ছয় জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত—তারা হলেন দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

মন্তব্য করুন