পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনার জন্য ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন।

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে অধ্যাপক ইউনূস ক্রিস্টিন লাগার্ডের কাছে এই সহায়তা চান। বৈঠকে তিনি উল্লেখ করেন যে, শেখ হাসিনার শাসনামলে দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, এবং প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার করে পাচার হয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, “এটি ছিল একটি বিশাল ডাকাতি।” তিনি আরো জানান, প্রথমে ধনকুবেরা ব্যাংক দখল করে এবং পরে ঋণ নিয়ে তা পরিশোধ না করার মাধ্যমে দেশ থেকে অর্থ পাচার করেছে।

ক্রিস্টিন লাগার্ড এই পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার উদ্যোগে সমর্থন জানান এবং সুপারিশ করেন যে, বাংলাদেশ এই অর্থ পুনরুদ্ধার ও দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সাহায্য নিতে পারে।

বৈঠকে তারা বাংলাদেশে চলমান সংস্কার উদ্যোগ এবং জুলাই বিপ্লব নিয়েও আলোচনা করেন। লাগার্ড বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি তার সমর্থনও ব্যক্ত করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।