পাটুরিয়া ঘাটে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভিড় থাকলেও স্বস্তির সাথে পারাপার

জেলা প্রতিনিধি :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো মানুষের ভিড়ে ব্যস্ত হয়ে উঠেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই এই নৌরুটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। তবে যাত্রীদের ভিড় থাকলেও ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকায় স্বস্তিতেই পারাপার হতে পারছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আগাম প্রস্তুতির অংশ হিসেবে সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করছে। ফলে ঘাটে দীর্ঘ সময় অপেক্ষা না করেই যাত্রীরা পার হতে পারছেন।

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাম হোসেন বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরিগুলো পারাপারে কিছুটা সময় বেশি নিচ্ছে। তবুও ফেরির সংখ্যা বেশি থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে বড় কোনো সমস্যা দেখা দিচ্ছে না।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার ইয়াসমিন আক্তার জানান, ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী, নৌপুলিশ ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘাট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। ঘাটের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।