নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ঐতিহ্যবাহী পাট শিল্পের হারানো গৌরব স্মরণ করে এর পুনরুজ্জীবন এবং বহুমুখী ব্যবহার বৃদ্ধির ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “পাট বাংলাদেশের জন্য কেবল একটি পণ্য নয়, এটি আবেগ, ইতিহাস ও সম্ভাবনার প্রতীক।”
রবিবার (১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “পাটকে এখনো শুধুমাত্র বস্তা তৈরির তন্তু হিসেবে দেখা হয়, অথচ এই প্রাকৃতিক তন্তুটি পরিবেশ সংরক্ষণে অত্যন্ত কার্যকর। আমরা একসাথে এর সঠিক মূল্যায়ন করে বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি আনতে পারি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ যেমন জামদানি ও মসলিনের মতো ঐতিহ্যবাহী কাপড়ের জন্য বিখ্যাত, তেমনি পাটের বহুমুখী ব্যবহারও বিশ্বমঞ্চে তুলে ধরার সময় এসেছে।”
সম্মেলনে চীনের প্রায় ১০০টি কোম্পানির ২৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।










