পাদুকা শিল্পে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবি জানিয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও প্লাস্টিক পাদুকা (১৫০ টাকা মূল্যসীমা পর্যন্ত) উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের জন্য সরকারের কাছে আবারও দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সমিতির নেতারা এই দাবি জানান। একই দাবিতে তারা অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন।

এ সময় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস (রানা), সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি আশরাফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান রহমান (সাজু), সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে বিভিন্ন পাদুকা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা, কর্মচারী এবং কারখানার শ্রমিকরা অংশ নেন।

সমিতির নেতারা বলেন, সরকার যদি ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব বাস্তবায়ন করে, তবে ক্ষুদ্র ও মাঝারি পাদুকা শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তারা আরও বলেন, তাদের দাবি পূরণ না হলে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন, অবস্থান ধর্মঘটসহ কারখানা বন্ধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

তারা বলেন, “আমরা ভ্যাট আইন মেনে চলতে প্রস্তুত, তবে এটি দরিদ্র জনগণের স্বার্থ বিবেচনা করে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের কাছে দ্রুত ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আবেদন জানাচ্ছি।”

সমিতির নেতারা আরও বলেন, “যতদিন না আমাদের দাবি পূরণ হয়, ততদিন আন্দোলন চলবে। আইএমএফের চাপের কারণে যে ভ্যাট আরোপ করা হয়েছে, তা কেন গরীবদের ওপর চাপানো হবে?”