নিজস্ব প্রতিবেদক:
প্রাকৃতিক জলাধার রক্ষা করা এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্য বজায় রাখা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ (১৯ মে) রাজশাহী সার্কিট হাউজে পরিবেশবাদী সংগঠন এবং শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি নগরায়নের চাপে পুকুর, খাল ও জলাশয় ভরাটের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব জলাধারের সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন। তিনি আরও বলেন, ‘‘আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।’’
তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারার চর্চা করতে উৎসাহিত করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘‘পরিবেশ রক্ষায় আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করা জরুরি। বিশেষ করে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ সম্পূর্ণভাবে বর্জন করা উচিত।’’
তিনি পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের জন্য জনগণকে সচেতন করতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘‘যদি জনগণ সরকারের সঙ্গে এক হয়ে কাজ করে, তবে পরিবেশ রক্ষায় আমরা সফল হতে পারব।’’
এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতারকে পুকুর ও জলাশয় সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। এছাড়া, তার মন্ত্রণালয় এ কাজে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











