পাহাড়ের বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান নৌ উপদেষ্টার

অনলাইন ডেস্ক

পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। গতকাল শুক্রবার বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “বিপথে গিয়ে পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার কোনো লাভ হয়নি এবং ভবিষ্যতেও তা হবে না। আমাদের একত্রে বসে সমস্যার মূল খুঁজে বের করে সমাধান করতে হবে।” তিনি আরও বলেন, “এই দেশ সবার, এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাজ করতে হবে।”

বান্দরবানে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ার সংবাদে তিনি দুঃখ প্রকাশ করেন এবং বলেন, “যে সরকারই আসুক না কেন, স্থানীয় সিনিয়র ব্যক্তিদের সঙ্গে একযোগে এই সমস্যা সমাধান করা উচিত।”

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞঞানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিলটন মহুরী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা।

এর আগে, উপদেষ্টা বান্দরবান পৌঁছে সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সঙ্গে তিনি অনাথালয়ের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।