পিএসএলে খেলার জন্য এনওসি পেলেন মিরাজ

অনলাইন ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে আনুষ্ঠানিক ছাড়পত্র (এনওসি) পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার আবেদন মঞ্জুর করেছে। ফলে মিরাজের পিএসএলে অংশগ্রহণের পথে আর কোনো বাধা থাকলো না।

সোমবার দুপুরে লাহোর কালান্দার্সের প্রস্তাব পেয়ে বিসিবির কাছে এনওসি চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার মিরাজ। বিসিবি দ্রুততার সঙ্গে তার আবেদন অনুমোদন করে, এবং একই দিন ২২ থেকে ২৫ মে সময়সীমার জন্য তাকে এনওসি প্রদান করে।

এনওসি পেতে মিরাজের ক্ষেত্রে কোনো জটিলতা হয়নি, কারণ তিনি আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় বিসিবির পক্ষ থেকে ছাড়পত্র দিতে সময় লাগেনি।

পিএসএলের গুরুত্বপূর্ণ পর্বের আগে মিরাজকে দলে ভিড়িয়ে স্পিন আক্রমণ শক্তিশালী করলো লাহোর কালান্দার্স। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের ব্যস্ততার কারণে অনুপস্থিত থাকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে দলে নিয়েছে লাহোর।

উল্লেখ্য, গত রোববার পেশোয়ার জালমিকে হারিয়ে লাহোর কালান্দার্স প্লে-অফে জায়গা করে নিয়েছে। দলের এই গুরুত্বপূর্ণ পর্বে একজন কার্যকর স্পিন অলরাউন্ডার হিসেবে মিরাজ হতে পারেন লাহোরের জয়ের অন্যতম অস্ত্র।