পিএসসির জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ কার্যক্রম স্থগিত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর হিসেবে নন-ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে. এম. রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই স্থগিতাদেশ প্রদান করেছেন এবং রুল জারি করেছেন।

রুলে জানতে চাওয়া হয়েছে কেন এই নিয়োগ কার্যক্রম অবৈধ ঘোষণা করা হবে না।

এদিকে, ২০২১ সালের ২৬ অক্টোবর পিএসসি অধীনে ৯ম ও ১০ম গ্রেডের (নন-ক্যাডার) জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পর, ২০ জানুয়ারি ৩ হাজার ৫৩৪ জনের নিয়োগের সার্কুলার জারি করা হয় এবং তাদের ২৯ জানুয়ারি চাকরিতে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

তবে, এই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ১৮ জন প্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। আজ সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছে। এর ফলে ২৯ জানুয়ারি নিয়োগপ্রাপ্তরা চাকরিতে যোগদান করতে পারবেন না বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবীরা।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন আইনজীবী এ. জেড এম নুরুল আমিন, মো. মাকসুদ উল্লাহ, মো. রুকনুজ্জামান, আবু সাহিদ খান ও শফিকুল ইসলাম প্রমুখ।