নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব ব্যাংক হিসাবে থাকা ৪৮ কোটি ৩৫ লাখ টাকার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তার মা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসাজশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিজস্ব দলিলের বিধি, নীতিমালা ও নৈতিক মান লঙ্ঘনের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে শত-শত কোটি টাকা মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুল এবং সংশ্লিষ্ট অন্যরা ওই প্রতিষ্ঠানের অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান চলাকালে এসব সম্পদ স্থানান্তর হলে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে বলে দুদক মনে করছে। মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিধান অনুযায়ী এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি উল্লেখ করে দুদকের আবেদনের পর আদালত তা মঞ্জুর করেন।











