নিজস্ব প্রতিবেদক:
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়নের পর নতুন করে ২৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে তিনজন আগে অনুত্তীর্ণ থাকলেও পুনঃমূল্যায়নের পর সরাসরি সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন।
রোববার (১০ আগস্ট) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার সংশোধিত ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, এই প্রক্রিয়ায় আরও ২৯৩ জন শিক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন।
এ বছর মোট ৯২,৮৬৩ জন শিক্ষার্থী পুনঃমূল্যায়নের জন্য আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ২১ হাজার বেশি। এসব আবেদন থেকে মোট ২,২৩,৬৬৪টি উত্তরপত্র চ্যালেঞ্জ করা হয়। যা আগের বছরের তুলনায় ৪০ হাজার বেশি।
গণিত ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করা বিষয়ের তালিকায় শীর্ষে— মোট ৪২,৯৩৬টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন জমা পড়ে। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১৯,৬৮৮টি), পদার্থবিজ্ঞান (১৬,২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩,৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন এসেছে ফাইন আর্টসে— মাত্র ৬টি।
ঢাকা বোর্ড জানায়, পুনঃমূল্যায়ন প্রক্রিয়ায় নতুন করে পরীক্ষা নেওয়া হয় না। কেবল মার্কস যোগে কোনো ভুল, ওএমআর শিটে রেকর্ডিংয়ের সমস্যা বা কোনো প্রশ্নের মার্কস বাদ পড়েছে কিনা— তা যাচাই করা হয় এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করে নতুন ফলাফল প্রকাশ করা হয়।











