অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেতা সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে দুষ্কৃতকারীর হামলায় গুরুতর আহত হন। তিনি বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। যদিও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত স্থানটি নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। সাইফকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, সাইফের জরুরি চিকিৎসার জন্য অবিলম্বে সাহায্যকারী অটোচালক ভজন সিং রানা বিশেষ প্রশংসিত হয়েছেন। রাত আনুমানিক আড়াইটার দিকে, বান্দ্রা লিঙ্কিং রোডে অটো চালানোর সময় ভজন সিং একটি সাদা কুর্তা পরিহিত রক্তাক্ত ব্যক্তি দেখে। পরিচয় দিলে সাইফ আলি খান হিসেবে শনাক্ত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ভজন অটোটি ঘুরিয়ে সাইফকে লীলাবতী হাসপাতালে পৌঁছে দেন।
এই সাহসিকতার জন্য ভজন সিং রানাকে এক সংস্থার পক্ষ থেকে ১১ হাজার টাকা পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণের পর ভজন বলেন, “ওই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য ছিল দ্রুত সাইফ আলি খানকে হাসপাতালে পৌঁছানো। তখন তো আমি বুঝতেই পারিনি, বড় একজন তারকা আমার অটোতে বসে আছেন। ভাড়া চাওয়ার বিষয়টি মাথায়ও আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা আমার জন্য পুরস্কারের সমান।”
এটি একটি নজিরবিহীন ঘটনা যেখানে সাধারণ একজন অটোচালক তার মানবিকতার উদাহরণ তৈরি করে সাইফ আলি খানকে সময়মতো চিকিৎসা দিতে সহায়তা করেছেন।











