নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করেছে সরকার। জনস্বার্থে এই বদলির আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।











