পোশাক খাতে মজুরি বৃদ্ধির চাপ সামলাতে ভারসাম্য খোঁজার তাগিদ
নিজস্ব প্রতিবেদক:
তিন বছরের মাথায় ফের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। মূল্যস্ফীতির কারণে শ্রমিকদের জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় এই দাবি যেমন জোরালো হয়েছে, তেমনি উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রফতানি আয় হ্রাসের মতো বাস্তবতায় উদ্বেগ প্রকাশ করেছেন কারখানা মালিকরা। সোমবার (২৩ নভেম্বর) মজুরি বোর্ডের সভায় নতুন মজুরি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এমতাবস্থায় শ্রমিকের জীবনমানের উন্নয়ন এবং শিল্পের টিকে থাকার মধ্যে ভারসাম্য রক্ষা করাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন সক্ষমতা, রফতানি প্রতিযোগিতা এবং কর্মসংস্থান টিকিয়ে রাখার ওপর জোর দিয়েছেন মালিকপক্ষের প্রতিনিধিরা।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের বিধান অনুযায়ী গঠিত নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের যুক্তি তুলে ধরছেন। গত তিন বছরের মূল্যস্ফীতি, শ্রমিকদের প্রকৃত আয় এবং শিল্পের আর্থিক সক্ষমতা এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিজিএমইএর পক্ষ থেকে প্রস্তাবনা তুলে ধরা হবে। শ্রমিক সংগঠনগুলো ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানালেও সিপিডি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার সুপারিশ করেছে, যদিও সিপিডির হিসাব নিয়ে আপত্তি রয়েছে বিজিএমইএর।
মজুরি নির্ধারণের আলোচনায় তথ্যের ঘাটতি এড়াতে পোশাকশিল্পের অর্থনৈতিক পরিস্থিতি, শ্রমিকদের আয়, উৎপাদন ব্যয়, রফতানি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে একটি পর্যালোচনা প্রতিবেদন তৈরি করেছে বিজিএমইএ।
রবিবার (২২ নভেম্বর) প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরে বিজিএমইএর পিআর, মিডিয়া ও পাবলিসিটি চেয়ারম্যান এবং মোটেক্স ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ কবির বলেন, পর্যাপ্ত তথ্য ছাড়া আলোচনা এড়াতে এবং শিল্পের প্রকৃত অবস্থা ও শ্রমিকদের বাস্তবতা তুলে ধরতে এই পর্যালোচনা তৈরি করা হয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে চতুর্থ গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এরপর ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে ২৯ দশমিক ৫ শতাংশ। বিবিএসের তথ্য অনুযায়ী, খাদ্য মূল্যস্ফীতি ৩২ দশমিক ৮২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ২৬ দশমিক ৮৩ শতাংশে পৌঁছেছে।
ফলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা ধরে রাখা কঠিন হয়েছে এবং মালিকপক্ষও স্বীকার করছে যে জীবনযাত্রার ব্যয় বাড়ায় মজুরি বাড়ানোর প্রয়োজন রয়েছে। তবে একই সঙ্গে শিল্পের ব্যয় বহনের সক্ষমতাও দেখার ওপর জোর দেওয়া হচ্ছে।
মালিকপক্ষের হিসাব অনুযায়ী, চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের মূল মজুরি ৬ হাজার ৭০০ টাকা এবং বাড়িভাড়া ও ভাতাসহ মোট মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ওভারটাইম ও অন্যান্য সুবিধা যুক্ত করলে মাসিক গড় আয় আরও বাড়ে।
মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইমসহ চতুর্থ গ্রেডের শ্রমিকের টেক-হোম আয় প্রায় ১৯ হাজার ৫২০ টাকা এবং সব গ্রেড মিলিয়ে গড় টেক-হোম আয় প্রায় ২২ হাজার ৫১ টাকা। তবে ওভারটাইম শর্তসাপেক্ষ হওয়ায় এটিকে সব শ্রমিকের নিয়মিত আয় হিসেবে ধরার সুযোগ নেই।
মজুরি বৃদ্ধির আলোচনায় উৎপাদন ব্যয়কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন মালিকরা। ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, ব্যাংকঋণ ও বন্দর ব্যবহারের খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
গ্যাসের দামের পাশাপাশি বিদ্যুতের দাম বেড়েছে ৪৩ শতাংশ, ডিজেলের দাম ২৩ দশমিক ৮৫ শতাংশ, পরিবহন খরচ প্রায় ১৫ শতাংশ এবং বন্দর চার্জ বেড়েছে ৪১ শতাংশ। পাশাপাশি ব্যাংকঋণের সুদ ৯ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশে উঠেছে।
বিলম্বে অর্থ প্রাপ্তি এবং গ্যাস-বিদ্যুতের অনিশ্চিত সরবরাহের কারণে কারখানাগুলোর কার্যকরী মূলধন আটকে থাকছে, যার ফলে সার্বিক উৎপাদন খরচ প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। অথচ আন্তর্জাতিক বাজারে পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২ দশমিক ৫৬ শতাংশ।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে রফতানি ছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা কমে ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়ায় ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলারে। যদিও চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে সামান্য প্রবৃদ্ধি হয়েছে, তবে তা আবার কমতে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টেক্সটাইল খাতে মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে ২৫ দশমিক ৭০ শতাংশ এবং গার্মেন্টস খাতে কমেছে ১৯ দশমিক ৪৮ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়েও এই আমদানিতে মন্দাভাব বজায় রয়েছে, যা দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতাকে দুর্বল করতে পারে।
এরই মধ্যে ২০২৩ সালের জানুয়ারি থেকে প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং চাকরি হারিয়েছেন ১ লাখ ৭৫ হাজার শ্রমিক। নতুন করে ব্যয় বাড়লে ক্ষুদ্র কারখানাগুলোর পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে।
বড় প্রতিষ্ঠানের তুলনায় ছোট ও মাঝারি কারখানাগুলোর বাড়তি ব্যয় বহনের সুযোগ কম। ১০ মিলিয়ন ডলারের কম রফতানি করে এমন কারখানার সংখ্যা প্রায় ৫৭ শতাংশ এবং ৭৮ শতাংশই ছোট ও মাঝারি শ্রেণির।
মজুরি ১৫ হাজার টাকা করা হলে ছোট কারখানাগুলো লোকসানে পড়তে পারে এবং প্রায় ১০ লাখ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ন্যূনতম মজুরি ১০১ ডলার, যেখানে ভারতে ১১৩, পাকিস্তানে ১৩০, ভিয়েতনামে ১৪১ এবং চীনে ২৭৭ ডলার। মিয়ানমারে এই মজুরি ৯৭ ডলার।
গত ১০ বছরে বাংলাদেশে মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ, যেখানে ভারত ও ভিয়েতনামে বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ৫৯ ও ৫৪ শতাংশ।
প্রতিযোগী দেশগুলোতে নানা ধরনের সরকারি ভর্তুকি ও সহায়তা দেওয়া হলেও বাংলাদেশে নগদ প্রণোদনা কমানো হয়েছে এবং উৎসে করের হার বাড়ানো হয়েছে।
এলডিসি উত্তরণ এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে ভিয়েতনাম ও ভারতের মুক্তবাণিজ্য চুক্তির কারণে ভবিষ্যতে বাংলাদেশের রফতানিকারকরা বাড়তি চাপের মুখে পড়তে পারেন।
মালিকপক্ষ মনে করছে, শ্রমিকদের ব্যয় বৃদ্ধির পাশাপাশি শিল্পের বাস্তব সক্ষমতা এবং অন্যান্য খাতের মজুরি কাঠামোর বিষয়টিও তুলনামূলকভাবে বিবেচনা করা উচিত।
পোশাকশিল্পে প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন, যার ৬০ শতাংশ নারী। দেশের মোট রফতানি আয়ের ৮১ শতাংশ আসা এই খাতের মজুরি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
