রাজধানীর বাজারে ফের চড়া সবজির দাম, বাধ্য হয়ে পচা-বাসি কিনছেন ক্রেতারা
নিজস্ব প্রতিবেদক:
রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মেরাদিয়া বাজারে নিত্যপণ্য কিনতে আসেন গৃহিণী কানিজ ফাতিমা। সাধারণত সকালেই তিনি টাটকা সবজি সংগ্রহ করতে বাজারে আসেন, আর সেখানেই কথা হয় তার সঙ্গে। ফাতিমা ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েক দিন আগে সবজির মূল্য কিছুটা স্থিতিশীল থাকলেও গতকাল থেকে বাজার ফের ঊর্ধ্বমুখী। আমাদের দেখার কেউ নেই এবং আমরা এখন এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি; দাম বাড়লে সস্তা জিনিস খুঁজি, যার ফলে দেখা যায় বাসি ও নষ্ট সবজিই কিনতে হয়।
কানিজ ফাতিমার মতো বাজারে আসা অন্যান্য ক্রেতারাও ক্ষোভ প্রকাশ করে জানান যে, গত শুক্রবার থেকে সবজির দাম আবারও বাড়তির দিকে রয়েছে। ওই দিন থেকে বাজারভেদে বিভিন্ন ধরনের সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আশরাফুল ইসলাম নামের এক ক্রেতা জানান, তিনি মূলত সকালে টাটকা সবজি কেনার জন্যই বাজারে আসেন, কিন্তু শুক্রবার থেকে সবজির দাম বাড়তি লক্ষ্য করছেন। তবে এই মূল্যবৃদ্ধির সুনির্দিষ্ট কোনো জবাব বিক্রেতাদের কাছেও নেই।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি আলু ৩০ টাকা, পটল ৫০-৬০ টাকা, বেগুন প্রকারভেদে ৮০-১৫০ টাকা, সিম ১০০-২০০ টাকা, ভেন্ডি ৮০ টাকা, টমেটো ১৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা এবং চিচিঙ্গা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি কাঁচা মরিচ ১৪০ টাকা ও হাইব্রিড কাঁচা মরিচের কেজি ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
সবজির পাশাপাশি অন্যান্য কাঁচামালের বাজারেও আগুন লেগেছে; প্রতি পিস ফুলকপি ৫০ টাকা, বাঁধকপি ৩০-৪০ টাকা, লাউ ৬০-৭০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা, লালশাক প্রতি আঁটি ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা ও পুঁইশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ডিমের বাজারে লাল ডিম ১৩৫-১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।
বাজারের তথ্য অনুযায়ী, গত শুক্রবারের আগেও সিম প্রতি কেজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া যেত, তবে এখন আগের তুলনায় অন্যান্য সবজিও কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৫২০ টাকা এবং ছোট মলা ও চিংড়িসহ অন্যান্য মাছ ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত চড়া দামে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে দেখা যায়, গরুর মাংস ৮২০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা, কক ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
বাজারে কেনাকাটা করতে আসা মনিরুল ইসলাম বলেন, সবজির বাজার আবারও লাগামছাড়া হয়ে উঠছে। দাম কম থাকলে অন্তত সাধারণ মানুষ খেয়েপরে বেঁচে থাকতে পারত, কিন্তু দাম বাড়ায় মানুষকে প্রয়োজনের তুলনায় কম খেতে বাধ্য হতে হবে।
তিনি আরও বলেন, ব্রয়লার মুরগির দাম বর্তমানে ১৭০-১৯০ টাকা কেজি, যা আরও কমা উচিত। সাধারণ মানুষ সাধারণত ব্রয়লার মুরগি কিংবা তেলাপিয়া ও পাঙাসের মতো মাছই বেশি কেনে, অথচ সেগুলোর দামও এখন ৩০০ টাকা কেজির কাছাকাছি পৌঁছেছে। আসলে জিনিসপত্রের দাম না কমলে মানুষের জীবনযাত্রা চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তিনি যোগ করেন, আমরা গরিব মানুষ, এভাবে হঠাৎ করে পণ্যের দাম বেড়ে গেলে আমরা কীভাবে চলব? আমাদের তো বেঁচে থাকার জন্য খেয়েপরে বাঁচতে হবে।
মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা কাওছার জানান, সবজির বাজার এখন একটু উর্ধ্বমুখী রয়েছে কারণ তাদের নিজেদেরই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে এবং এই পরিস্থিতিতে তাদের আসলেই কিছু করার নেই।
তিনি আরও বলেন, মূলত বাজারে সবজির সরবরাহ কম থাকার কারণেই দাম বেশি। তবে পরবর্তীতে যখন সরবরাহ বাড়বে, তখন দাম আবার কমে আসবে এবং কাঁচাবাজার মূলত এভাবেই সবসময় ওঠানামা করে।
আরেক বিক্রেতা আব্দুল হামিদ জানান, গত কয়েক দিনের তুলনায় সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম ফের কমে আসবে।
মাছ ব্যবসায়ী সালাম জানান, মাছের বাজার কিছুটা চড়া ও দাম বাড়তির দিকে রয়েছে। তেলাপিয়া, পাঙাস ও ছোট রুই মাছ বর্তমানে ৩২০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বাজারে আসলে কোনো মাছের দামই সেভাবে কমতির দিকে নেই।
