প্রখ্যাত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বিষয়ভিত্তিক ও নিরীক্ষাধর্মী ভাস্কর হিসেবে সুপরিচিত অধ্যাপক হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের মতে, নিউমোনিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহশ্রাম গ্রামে জন্ম নেওয়া হামিদুজ্জামান খান ১৯৭০ থেকে ২০১২ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে অধ্যাপনা করেছেন। সিলেট ক্যান্টনমেন্টে ‘হামলা’, বঙ্গভবনে ‘পাখি পরিবার’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সংশপ্তক’, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘শান্তির পায়রা’ তাঁর উল্লেখযোগ্য ভাস্কর্য।

২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক ও ২০২২ সালে বাংলা একাডেমি ফেলো পদক পান তিনি। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে তাঁর রেট্রোস্পেকটিভ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।