গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে মুক্তি পাচ্ছে ৭৩৭ ফিলিস্তিনি বন্দি

অনলাইন ডেস্ক:

ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ৭৩৭ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। ইসরায়েলি বিচার মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে এবং তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, “সরকার বর্তমানে কারাগার বিভাগের হেফাজতে থাকা ৭৩৭ জন বন্দি এবং আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার অনুমোদন দিয়েছে।”

রবিবার বিকেল ৪টার পরে এই বন্দিদের মুক্তি দেওয়া হবে, তাদের মধ্যে পুরুষ, নারী এবং শিশু রয়েছে। এই বন্দিদের মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির সশস্ত্র শাখার প্রধান জাকারিয়া জুবাইদিও এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (PFLP)-এর সদস্য খালিদা জারারও রয়েছেন। জুবাইদি ২০২১ সালে ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে পালিয়েছিলেন এবং জারারকে ইসরায়েল বহুবার গ্রেপ্তার করে কারাগারে রেখেছে।

এছাড়াও, মুক্তিপ্রাপ্ত ৩৩ জন বন্দির মধ্যে তিনজন ইসরায়েলি নারী সেনাও রয়েছেন, যারা হামাসের হামলার সময় সামরিক বাহিনীতে ছিলেন না। হামাসের ঘনিষ্ঠ দুটি সূত্র জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের তালিকায় ৩০ বছরের কম বয়সী নারী সেনাদের নামও রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, শনিবার ভোরে ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে, যার ফলে যুদ্ধবিরতির কার্যকরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়।

এএফপি জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংখ্যা হামাসের মুক্তিপ্রাপ্ত জীবিত জিম্মির সংখ্যা অনুযায়ী চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

সূত্র: এএফপি