নিজস্ব প্রতিবেদক:
ভ্যাটিকান সিটিতে প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো কুর্তা পরেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কেন তিনি এই বিশেষ পোশাক পরেছিলেন, তা জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুল আলম জানান, কাতারে একটি ‘আর্থনা সামিট’-এ অংশ নিতে গিয়ে অধ্যাপক ইউনূস পোপের মৃত্যুসংবাদ পান। সফরের দ্বিতীয় দিনে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা হলে অধ্যাপক ইউনূস তাঁর পুরনো বন্ধু পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
শফিকুল আলম বলেন, প্রটোকল অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়ায় কালো স্যুট পরিধান করার নিয়ম থাকলেও অধ্যাপক ইউনূস বহু বছর আগে স্যুট পরা বন্ধ করে দিয়েছেন। তিনি সবসময় বাংলাদেশে তৈরি গ্রামীণ চেকের কুর্তা পরেন। তাঁর সঙ্গে একটি কালো কোটি থাকলেও কালো কুর্তা ছিল না।
এরপর তাঁর সহকারীরা দোহায় বিভিন্ন মার্কেটে কালো কুর্তা খুঁজতে থাকেন, কিন্তু দাম ছিল অত্যন্ত বেশি। শেষে তাঁরা এমন একজন ভারতীয় উপমহাদেশীয় দরজিকে খুঁজে পান যিনি অধ্যাপক ইউনূসকে চিনতেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই মাত্র ৫,০০০ টাকা খরচে কুর্তাটি সেলাই করেন।











