নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে অধ্যাপক রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক রীয়াজ। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।











