প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর নির্ভর করছে অধ্যাদেশ সংশোধন: সালেহ আহমেদ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মচারী ও কর্মকর্তাদের আন্দোলনে একপ্রকার অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কর্মচারীরা এই অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।

বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “মন্ত্রিপরিষদ সচিবের কাছে কর্মচারীদের কথা ও আলোচনার বিষয়টি জানানো হয়েছে। তবে বিষয়টি প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বর্তমানে জাপানে রয়েছেন, দেশে ফিরবেন ৩১ মে।”

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে গঠিত ৭ সচিবের সমন্বয়ে একটি কমিটি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছে বলেও তিনি জানান।

এদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আন্দোলন ও কর্মসূচি নির্ধারণে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত জানানো হবে।

কর্মচারীরা অভিযোগ করেন, ১৯৭৯ সালের বাতিল হওয়া বিশেষ সরকারি চাকরি বিধানকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টায় কর্মীদের অধিকার ক্ষুণ্ন হবে এবং তারা হয়রানির শিকার হবেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যে কোনো মূল্যে এই কালাকানুন প্রতিহত করা হবে। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সব রুমে তালা ঝুলিয়ে দেওয়া হবে।”