প্রশাসনিক পুনর্বিন্যাস: নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরেরও সায় মিলেছে।
গত সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এসব গুরুত্বপূর্ণ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে ভেঙে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হবে।
পাশাপাশি বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা থানা’ স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে।
অন্যদিকে, বগুড়া জেলার মোকামতলা উপজেলার অন্তর্গত ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার অন্তর্গত ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই এলাকার ‘পাগলা’ থানার নাম বদলে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর হিসেবে মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় তা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
একই প্রক্রিয়ায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়টি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ।
